মৎস্যজীবী কার্ড নিয়ে দ্বন্দ্ব

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে মৎস্যজীবী কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, করোনা পরিস্থিতিতে ৩২৪ মৎসজীবীকে ১৫ কেজি করে ভিজিডির চাল বিতরণ করে উপজেলা মৎস্য বিভাগ। কিন্তু ভুলক্রমে শহিদ আলী নামে একজনের মৎস্যজীবী কার্ড তামেশ মোল্লা নামে একজনের কাছে চলে যায়। এ ঘটনায় তামেশ মোল্লার কাছে কার্ডটি ফেরত চায় শহিদ আলী। কিন্তু তামেশ মোল্লা সেটি ফেরত দিতে রাজি না হওয়ায় প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ।

শাহজাদপুর থানার এসআই আহসান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।