সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪১ আনসার সদস্য

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১ সদস্য সুস্থ হয়েছেন। এদের মধ্যে ব্যাটালিয়ন আনসার আট, অঙ্গীভূত সাধারণ আনসার ৩২ এবং নার্সিং সহকারী একজন রয়েছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে বাহিনীর এক উপ-মহাপরিচালক, ৯২ জন ব্যাটালিয়ন আনসার, ১৪৯ জন অঙ্গীভূত আনসার এবং একজন করে বিশেষ আনসার, মহিলা আনসার, সিগন্যাল অপারেটর ও ভিডিপি সদস্য রয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজধানীতেই ২১৪ জন। প্রাণঘাতী এ ভাইরাসে বাহিনীর একজন সদস্য প্রাণ দিয়েছেন। আবদুল মজিদ নামে ওই সদস্য ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।