ঘূর্ণিঝড় আম্পানের হানায় গত বুধবার রাতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝিনাইদহের বেশ কয়েকজন কৃষক জানান, ঝড়ে কলাগাছ, পাটক্ষেত, পানের বরজসহ সবজি নষ্ট হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে আম ও লিচু। বৃষ্টির কারণে ভেসে গেছে অনেক পুকুরের মাছ। বিধ্বস্ত হয়েছে কাঁচা, আধা-পাকা কয়েকশ বাড়িঘর।
চুয়াডাঙ্গায় বুধবার রাত ১০টার দিকে প্রচন্ড গতিতে আম্পান আঘাত হানে। প্রায় তিন ঘণ্টার ঝড়ের তান্ডবে চুয়াডাঙ্গা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, ঝড়ে বোরো, পানবরজ, ভুট্টাক্ষেত, আম ও কলাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো ক্ষতি নিরূপণের কাজ চলছে।
চুয়াডাঙ্গায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে জেলার ঝুঁকিপূর্ণ ও ক্ষতির শিকার এলাকাগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেন।