বগুড়ায় হাসপাতাল থেকে পালিয়েছে রংপুরের করোনা রোগী

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে করোনা পজিটিভ এক রোগী পালিয়ে গেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

পালিয়ে যাওয়া করোনা রোগী সিরাজুল ইসলাম (৩৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার শীতল বাড়ি গ্রামের আবদুল বারীর ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যার আগে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল উদ্যোগ নিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।

পরদিন তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত তিন দিনে তার অবস্থার উন্নতি হয়।

এরপর শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যান সিরাজুল।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল বলেন, হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীরা শুক্রবার আশঙ্কাজনক এক রোগী নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে করোনা রোগী সিরাজুল ইসলাম পালিয়ে যান।