সংস্করণ বন্ধ করে ‘গোপনে’ কর্মী ছাঁটাই টাইমস অব ইন্ডিয়ার

ভারতের ঐতিহ্যবাহী মিডিয়া গ্রুপ ‘দ্য টাইমসে’র  ‘টাইমস অব ইন্ডিয়া’সহ কয়েকটি পত্রিকা ৯টি রাজ্যে বন্ধ করা হয়েছে। অনলাইন সংস্করণ চালু থাকলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গোপনে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। অথচ এই কোম্পানিটি লকডাউনের আগে বছরের পর বছর লাভে ছিল।

ভারতের শীর্ষস্থানীয় এই মিডিয়া গ্রুপের দৈনিক এবং সাময়িকী মিলিয়ে ৪৫টি পত্রিকা আছে। টাইমস অব ইন্ডিয়ার পাশাপাশি তাদের ইকনোমিক টাইমস বেশ জনপ্রিয়। একই সঙ্গে বাংলায় ‘এই সময়’।

নিউজলন্ড্রি নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়ার তিনটি ব্যুরোর একাধিক কর্মীকে ইতিমধ্যে চাকরি ছাড়তে বলা হয়েছে। শুধু কেরালা থেকেই চাকরি হারিয়েছেন ১৩ জন। অনেক কর্মী আবার অফিস গিয়ে শুনেছেন ‘চাকরি নেই’। অ্যাডমিন থেকে বিষয়টি তার সহকর্মীদেরও জানতে দেয়া হয়নি।

পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ‘এই সময়’ পত্রিকার ৯ জন কর্মীকে ইতিমধ্যে বাদ দেয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার রবিবারের ক্রোড়পত্র ‘টাইমস লাইফের’ও তিনজন কর্মী এপ্রিলে চাকরি থেকে বাদ পড়েছেন।

ভারতের পূর্বাঞ্চলীয় ব্যুরোর একজন টিম লিডার উদ্ভূত এই পরিস্থিতিতে নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন। ‘কাকে বাদ দেয়া যায়’ অ্যাডমিন থেকে তার কাছে এমন পরামর্শ চাওয়া হলে ‘কাউকে বাদ দিতে পারবো না’ বলে ওই সাংবাদিক নিজেই পদত্যাগ করেন!