বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার খুলনার মহেশ্বর পাশায় অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) এবং সাউথ সেন্ট্রাল রোডের সরকারি শিশু পরিবার বালিকা (তাম্বি হাউজ)-এর এতিম শিশুদের মধ্যে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করে নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, খুলনা নেভাল এরিয়া কমান্ডারের আয়োজনে ইতিমধ্যে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, বরগুনা ও ঝিনাইদাহ জেলার ৩৬টি মাদ্রাসার ৮০০ জন ছেলে ও ৮০০ জন মেয়ে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী হিসেবে ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি-পায়জামা ও টুপি এবং মেয়ে শিশুদের জন্য সেলোয়ার, কামিজ ও হিজাব প্রদান করা হয়েছে। নৌবাহিনীর এ উদ্যোগের মাধ্যমে ১৬০০ জন সুবিধা বঞ্চিত শিশু ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উদযাপন করতে পারবে।