ঘূর্ণিঝড় আম্পানে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। গত বৃহস্পতিবার এই দুর্যোগে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর গতকাল শুক্রবার যাশোরে আরও সাতজনের মৃত্যুর খবর আসে।
মৃত্যুর সংখ্যা হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা যশোর। ওই জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আর জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা। ওই গ্রামে আম্পানে মৃত্যু হয়েছে ৫ জনের।
বুধবার ঝড়ের রাতে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ওই গ্রামের ঋষিপাড়ার খোকন দাস (৭০) ও তার স্ত্রী বিজন দাসি (৬০), দফাদারপাড়ার ওয়াজেদ আলী (৫০) ও তার ছেলে মোহাম্মদ ইসা (১৫) এবং আছিয়া বেগম (৭০)।