গৃহকর্মী হত্যার প্রতিবাদ

নেত্রকোনায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

মুখে কালো কাপড় বেঁধে গৃহকর্মী মারুফা হত্যার প্রতিবাদ অব্যাহত রাখার শপথ নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ‘শিশু ছায়া’ সংগঠনের উদ্যোগে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। এতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে একাত্মতা জানান।

মানববন্ধনকারীরা মারুফা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শপথ নেন এবং বারহাট্টা উপজেলার সিংধা ইউপির চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনের বাড়ি ঘেরাও করার ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ৯ মে ওই ইউপি চেয়ারম্যানের বাসার গৃহকর্মী মারুফা (১৪) আত্মহত্যা করেছে এমন তথ্য দিয়ে লাশ নিয়ে চেয়ারম্যান হাসপাতালে যান। পরে শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখে হাসপাতালের এবং স্থানীয় মানুষের সন্দেহ হয়। এ ঘটনায় মারুফার মা আকলিমা আক্তার ১১ মে মামলা করেন। ওই রাতেই পুলিশ চেয়ারম্যানকে আটক করে ১২ মে আদালতে পাঠালে ১৪ মে তিনি জামিনে ছাড়া পান। বিভিন্ন সংগঠন এবং তরুণরা এ হত্যার প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রেখেছে।