বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটের রসায়ন কোনো সাধারণ ফর্মুলায় এগোয় না সবসময়। কখনো লেগে যায় ঝগড়া, কখনো পরস্পরের মাঝে পাওয়া যায় আপনজনের ছায়া। এই বিপরীত অবস্থাকেই ‘গুলাবো সিতাবো’ ছবির মাধ্যমে পর্দায় আনছেন সুজিত সরকার। ট্রেলারে দেখা গেল এর একঝলক।
লখনউয়ের প্রেক্ষাপটে ফাতিমা মহলকে কেন্দ্র করে জমে উঠেছে মির্জা ও বাঁকের নিত্যদিনের বিরোধ। দুই চরিত্রে আছেন যথাক্রমে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। এবারই দুজন একসঙ্গে প্রথমবার অভিনয় করলেন।
ট্রেলারে দেখা যায়, মির্জা বাড়ি বিক্রি করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় ভাড়াটেরা। এর সঙ্গে আছে নানান সমস্যা। তবে মূল দ্বন্দ্ব স্পষ্ট নয়, সেটাই দেখা যাবে সিনেমায়।
এর আগে ট্রেলার লঞ্চের ঘোষণাতেও নজর কেড়েছে অমিতাভ-আয়ুষ্মানের ছোট ছোট ঝগড়া। অমিতাভ ইংরেজিতে দর্শককে সম্বোধন করলে তা চক্ষুশূল হয় আয়ুষ্মানের। অন্য দিকে আয়ুষ্মান দেরি করে ভিডিও কলে সাড়া দিলে অথবা কল চলাকালীন উঠে গিয়ে জ্যাকেট পরে এলে বিরক্ত হন অমিতাভ। স্পষ্টতই বলে ফেলেন, ‘‘এই আজকালকার জেনারেশন... সারা দিন ফোনে ব্যস্ত...’’ কখনো কে জুনিয়র, কে সিনিয়র... তা নিয়েও লেগে যায় দুজনের কথা কাটাকাটি।
অবশ্য ছবিটি নিয়ে উত্তেজনা অন্য একটি ঘোষণাকে কেন্দ্র কয়েকদিন ধরেই চলছে। কারণ এটি বলিউডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। ১২ জুন প্রিমিয়ার হবে অ্যামাজন প্রাইমে। এপ্রিলে মুক্তির কথা থাকলেও করোনা পিছিয়ে দেয়, তাই বিকল্প সিদ্ধান্ত নেন প্রযোজক।
মুক্তি পেতেই তাক লাগিয়ে দিয়েছে ‘গুলাবো সিতাবো’র ট্রেলার। আধ ঘন্টার মধ্যে ভিউজ ছাড়িয়েছে এক লাখ। আর ২৪ ঘণ্টা হওয়ার আগেই এক কোটি ঘর পার হয়ে গেছে।