প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মহামারীর নতুন এপিসেন্টার বা উপকেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকা, এমনটিই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার সংস্থাটির ইমার্জেন্সিস ডিরেক্টর মাইক রায়ান এক সংবাদ সম্মেলনে জানান, দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা ভাইরাসটির নতুন একটি উপকেন্দ্র হয়ে উঠেছে। আমরা দেখছি দক্ষিণ আমেরিকার দেশগুলোতে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, স্পষ্টই দেশগুলোতে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এতে উদ্বেগ তৈরি করছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিল।
এদিকে কভিড-১৯ রোগে বৈশ্বিক আক্রান্তের তালিকায় রাশিয়াকে টপকে এরই মধ্যে দ্বিতীয়স্থানে উঠে এসেছে দেশটি।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চব্বিশ ঘণ্টায় নতুন ২১ হাজার ৪৮ জন আক্রান্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, ১৬ লাখ। তৃতীয়স্থানে থাকা রাশিয়ার আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার।
তবে বিশেষজ্ঞদের দাবি, ব্রাজিলে করোনাভাইরাস সংক্রমণের চিত্র আরও ভয়াবহ। টেস্টের সংখ্যা বাড়ানো হলে দেশটিতে মোট আক্রান্ত বর্তমান সংখ্যা থেকে ১৫ গুণ বা এর বেশি বাড়তে পারে।
চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নতুন মৃত্যু ১,০০১ জন। এই নিয়ে চার দিনের মধ্যে তিন দিনই এক হাজারের বেশি মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি।