করোনা জয় করে সুস্থ ৭২২ পুলিশ সদস্য

করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আক্রান্ত বাংলাদেশ পুলিশের ৭২২ সদস্য করোনামুক্ত হয়েছেন। তাদের অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

উল্লেখ করা হয়, শনিবার পর্যন্ত নতুন করে ১৭৮ জন-সহ পুলিশের ৩ হাজার ৫৭৪ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ১২ জন মারা গেছেন।

পুলিশ সদস্যদের করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এর নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।