করোনা আক্রান্ত হন সাবেক-বর্তমান সহস্রাধিক সেনা সদস্য

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন সংক্রমিত হয়েছেন।

এছাড়া তাদের পরিবারের ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন আক্রান্ত হন।

সব মিলিয়ে ১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

এছাড়া ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেন।

এখন পর্যন্ত ১০ জন রোগী মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৬০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত আটজন এবং দুজন কর্মরত সেনাসদস্য রয়েছেন। তাদের দীর্ঘদিন শারীরিক জটিলতাও ছিল।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) সহ সকল সিএমএইচ-এ মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে।

এছাড়া সকল সিএমএইচ-এ পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লোভস এবং প্রয়োজনীয় ওষুধাদিসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে।

এখন পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, তাদের পরিবারের সদস্যদের ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন সদস্যের মোট ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।