করোনা ডেডিকেটেড মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের কভিড-১৯ টিমের তিনজন ডাক্তারদের বদলি করা হয়েছে বলে জানা গেছে।
বদলি হওয়া চিকিৎসকরা হলেন- মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিন, করোনা ফোকাল পারসন সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মাহবুবুর রহমান কচি ও চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোত্তালিব হোসেন। ডা. মোত্তালিব করোনা পরিস্থিতে হাসপাতালটির চিকিৎসকদের থাকার ব্যবস্থার জন্য গঠিত হোটেল কমিটির দায়িত্বে ছিলেন।
শনিবার বনি আমিন নামে মুগদা মেডিকেলের এক চিকিৎসক ফেইসবুক টাইমলাইনে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, এক সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তিন চিকিৎসকের বদলির ঘটনায় হাসপাতালটির ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর আগে, এন ৯৫ মাস্ক হিসেবে নিম্নমানের মাস্ক সরবরাহের ঘটনা কর্তৃপক্ষের নজরে আনার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়।