উইন্ড অব চেঞ্জের নতুন সিজনে আইয়ুব বাচ্চুর আরেকটি গান

বছর দেড়েক আগে প্রয়াত হন ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু। তাকে এবারের ঈদুল ফিতরে শোনা যাবে আলোচিত মিউজিক শো ‘উইন্ড অব চেঞ্জ’-এর নতুন সিজনে। এ অনুষ্ঠানে বাচ্চুকে আগে দেখা গেলেও এই গানটি প্রথম প্রকাশ হচ্ছে।

গান বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়, ঈদ বিনোদনে ‘উইন্ড অব চেঞ্জ’-এর সিজন-৬ প্রচার হতে যাচ্ছে। পাশাপাশি অনলাইনে তারকাবহুল ব্যতিক্রম অনুষ্ঠানমালা প্রচার করতে যাচ্ছে দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেলটি।

‘উইন্ড অব চেঞ্জ’-এর এ সিজনে আইয়ুব বাচ্চু ছাড়াও প্রকাশ হতে যাচ্ছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রথীন্দ্রনাথ রায়, শাহজাহান মুন্সী, বালাম, মিজান, তন্ময় তানসেন, লুইপা, পারভেজ ও মাহতিম সাকিবের গান। সঙ্গে আছেন ভারতের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের, পাপন ও অদিতি সিং শর্মা।

গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে প্রতিবারের মতো এবারও বিশ্বের ২৭ দেশের স্বনামধন্য যন্ত্রশিল্পীরা অংশ নিয়েছেন এ বর্ণাঢ্য আয়োজনে। এর মধ্যে রয়েছেন যুক্তরাস্ট্রের রনথাল বাম্বলফুট, জার্মানির মার্কো মাইনম্যান, ভারতের শিবামনি, স্পেনের ড্যানিয়েল ক্যাসারেস, রোমানিয়ার অ্যামিডিউস ইলেকট্রিক কোয়টের্টসহ আরও অনেকে।

টেলিভিশনে ঈদের তিনদিন প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে ‘উইন্ড অব চেঞ্জ’ সিজন-৬। এ ছাড়া গানবাংলার ইউটিউব চ্যানেলেও প্রকাশ হবে এ সিজনের গানগুলো।

ঈদ আয়োজনে শুধু ‘উইন্ড অব চেঞ্জ’-ই নয়, ফেইসবুকে গানবাংলার অফিসিয়াল পেইজ থেকে প্রচারিত হবে তিনটি তারকাবহুল অনুষ্ঠান। ‘ওয়ালটন ঈদ সেশন’ পাওয়ার্ড বাই মুসকান সল্ট-এ গান কথায় ঈদের প্রথমদিন উপস্থিত হবেন সংগীতশিল্পী আরেফিন রুমি, ঐশি ও কিশোর, দ্বিতীয় দিন তাশফি, পারভেজ ও নাদিয়া ডোরা, তৃতীয় দিন-মিলন মাহমুদ, লুইপা ও মেসবাহ আহমেদ।

এ ছাড়া ‘ইবিএল স্টার লাউন্জ’-এ ঈদের তিনদিন গান গাইবেন ইমরান, বালাম ও হৃদয় খান। ‘রবি রক অনলাইন’-এ থাকছে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড চিরকুট, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস এবং অদিতারিয়ান্স।