গুরুতর অসুস্থ কামাল লোহানীর অবস্থা স্থিতিশীল

প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে আছেন তিনি। ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ৮৬ বছর বয়সী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। 

রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী রবিবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, গত রবিবার তিনি হাসপাতালে ভর্তি হন। কিছুদিনের চিকিৎসায় কিছুটা স্থিতিশীল হলেও তিনি ঝুঁকিমুক্ত নন। ওনার ফুসফুসে পানি জমেছে, কিডনির একটি অংশ অকার্যকর। অন্যান্য সমস্যা তো আছেই।  একদল চিকিৎসক সম্মিলিতভাবে তাকে চিকিৎসা দিচ্ছেন, যারা বিভিন্ন রোগের বিশেষজ্ঞ।

তার ছেলে সাগর লোহানী দেশ রূপান্তরকে বলেন, শারীরিক এখন স্থিতিশীল। মাঝে একটু উন্নতি হয়েছিল। আমরা আশা করছি আরো উন্নতি হবে।

 

মাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ১৯৩৪ সালে জন্ম। জীবনভর ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি সাংবাদিকতা করেছেন, আজীবন কমিউনিস্ট ভাবাদর্শে অবিচল আছেন কামাল লোহানী। তিনি বাংলাদেশ বেতারের পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন।