করোনায় মৃতদের নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রথম পাতা

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা লাখ ছুঁই ছুঁই করছে। এমন মুহুর্তে দেশটিতে মহামারীতে প্রাণ হারানো মানুষদের স্মরণীয় করে রাখল দেশটির প্রভাবশালী দৈনিক পত্রিক নিউইয়র্ক টাইমস।

সিএনএন জানায়, রবিবার প্রথম পাতা জুড়ে কভিড-১৯ রোগে মৃতদের নাম প্রকাশ করেছে পত্রিকাটি। প্রথম পাতাসহ চারটি পাতায় শুধু মৃতরা। সেখানে ঠাঁই পেয়েছে মৃতদের মধ্য থেকে এক হাজার জনের নাম।  

এদিন নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় কোনো বিজ্ঞাপন নেই, এমন কি কোনো খবরও নেই। এদিনের শিরোনাম ছিল, যুক্তরাষ্ট্রে লাখের কাছাকাছি মৃত্যু, অপূরণীয় ক্ষতি।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাশের মিছিল বেড়েই চলেছে। একক দেশ হিসেবে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে কিছু সময়ের বাকি মাত্র। দেশটিতে এমন বিপর্যস্ত পরিস্থিতি এমন অনন্য উপায়ে প্রকাশ করেছে পত্রিকাটি।

এই বিশেষ সংখ্যা নিয়ে এক নিবন্ধে নিউইয়র্ক টাইমসের  গ্রাফিক্স ডেস্কের সহকারী সম্পাদক সিমোন ল্যানডোন বলেন, মৃতের এই সংখ্যা স্মরণে রাখতে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারব আমরা, এটি আমরা জানতাম।

তখন গত কয়েক মাসে যা ঘটেছে তা নিয়ে প্রতিবেদক ও সম্পাদকরা মিলে আলোচনা করে এমন উপায় বের করেন। এর জন্য মৃতদের সম্পর্কে নানা তথ্য ও তাদের গল্প সংগ্রহ করে পত্রিকাটি।

যেমন, লিলা ফেনউইক (৮৭) ছিলেন-হার্ভার্ড ল থেকে স্নাতক প্রথম কৃষ্ণাঙ্গ নারী। প্যাট্রিসিয়া এইচ থ্যাচার (৭৯)-৪২ বছর ধরে চার্চ সংগীত গেয়েছেন। এঞ্জেলিনা মিকালোপুলোস (৯২)-নাচগানে ছিলেন নির্ভীক। ফ্রাংক গ্যাবরিন (৬০)-জরুরি বিভাগের চিকিৎসক, যিনি তার স্বামীর হাতে উপর মারা যান।

পত্রিকাটি জানায়, মৃতের তালিকায় এই এক হাজার জন মাত্র ১ শতাংশ। তাদের কেউ শুধু সংখ্যা নয়। তারা শুধু একটি তালিকার কতগুলো নাম নয়, তারা আসলে আমরাই।