সাটুরিয়ায় করোনা রোগীদের নগদ অর্থ ও ঈদ উপহার পৌঁছে দিলেন ইউএনও

মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের পরিবারের জন্য নগদ অর্থ ও ঈদ উপহার বাড়ি পৌঁছে দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।

সাটুরিয়ায় এ পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় ভাইরাসের প্রভাবে কার্যত কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসাধীন থাকায় তাদের আয়ের সব পথই বন্ধ হয়ে যায়।

এমন অবস্থায় ঈদুল ফিতরের আগের দিন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আক্রান্তদের প্রতিটি বাড়িতে ঈদ উপহার ও নগদ টাকা নিয়ে হাজির হন।

আশরাফুল আলম বলেন, ১১ জন পরিবারের জন্য নগদ ৪ হাজার টাকা এবং ১০ কেজি চাল, ২ কেজি করে ডাল, আলু, ১ কেজি করে লবণ, তেল, চিনি, পোলাওয়ের চাল, ২টি করে সেমাইয়ের প্যাকেট, কাপড় কাচার সাবান, গোসলের সাবান এবং রান্নার জন্য পর্যাপ্ত মসলা তাদের হাতে তুলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ১৪ জন রোগীর মধ্যে ৩ জন সক্ষম বিধায় তারা এ উপহার গ্রহণ করেননি। করোনা রোগে আক্রান্তদের এর আগেও বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে।