দুর্নীতির অভিযোগে বিচারের কাঠগড়ায় নেতানিয়াহু

দুর্নীতির অভিযোগে আদালতের শুনানিতে হাজির হতে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।

আলজাজিরা জানায়, রবিবার জেরুজালেমের একটি আদালতে শুনানিতে হাজির করা হচ্ছে তাকে। তিন বিচারকের একটি প্যানেল এই শুনানি পরিচালনা করবে।

ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কেউ ক্ষমতায় থাকা অবস্থায় ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন।

তিনটি নির্বাচনের পর কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক সপ্তাহ আগে ঐক্য সরকার গঠন করেন নেতানিয়াহু। পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

গতবছর নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। তবে শুরু থেকেই এসব অভিযোগ জোরালভাবে অস্বীকার করে আসছেন তিনি।

দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিও প্রত্যাখ্যান করেন  ডানপন্থী লিকুদ পার্টির প্রধান। তিনি বলেন, ক্ষমতা থেকে নামাতেই তার বিরুদ্ধে বামপন্থীরা এই মামলা করেছে।

মামলা চললেও প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেয়ার আইনগত কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন। এ ছাড়া এতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনেও কোনো বিঘ্ন ঘটবে না বলে নেতানিয়াহু জানান।