ছাত্রলীগ নেতার মায়েদের শাড়ি উপহার দিলেন মাশরাফী

ঈদ উপলক্ষে নড়াইলের ছাত্রলীগ নেতাকর্মীদের মায়েদের জন্য উপহার হিসেবে শাড়ি পাঠিয়েছেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার থেকে মাশরাফির পক্ষ থেকে নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মায়ের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ।

নড়াইল জেলা ছাত্রলীগের মাধ্যমে জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মায়েদের এই উপহার দেওয়া হয়।

খবর: ইউএনবি।

সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম জানান, ‘আমাদের নেতা মাশরাফি একজন আদর্শ মানুষ হিসেবে, আদর্শিক কর্মীর চাহিদা ঠিকই উপলব্ধি করেছেন। মায়েদের জন্য উপহার পেয়ে ছাত্রলীগের ছেলেদের মনটা আজ ভরে গেছে, এই ঈদে তাদের আর চাওয়া-পাওয়ার কিছু নেই।’