সীতাকুন্ড উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ছানোয়ারা বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে তার মৃত্যু হয়। এটা সীতাকুন্ডে করোনায় প্রথম মৃত্যু। তার বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নে।
গত ৮ এপ্রিল করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হলেও ২৪ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৮ এ পৌঁছায়। করোনা আক্রান্তে চট্টগ্রাম জেলায় সীতাকুন্ড প্রথম অবস্থানে রয়েছে। রবিবার কুমিরা হাইওয়ে পুলিশের তিন সদস্যসহ নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনায় মারা যাওয়া নারীর দীর্ঘদিন থেকে আ্যাজমায় ভুগতেছিলেন। শনিবার জ্বরের সাথে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে আনে স্বাস্থ্যকর্মীরা। রবিবার নমুনার ফলাফলে করোনা পজিটিভ আসে। তবে তার আগে রবিবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি।
সীতাকুন্ড উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, মারা যাওয়া নারীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নিহতের লাশ দাফন করা হয়েছে বলে তিনি জানান।