দরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাসজনিত সংকট এবং উপকূল এলাকায় বয়ে যাওয়া সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগণের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার রাষ্ট্রপতি ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, আমি এই মহামারি করোনা সংকটকালে এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগণের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।

রাষ্ট্রপতি এ সময় করোনাভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং নিহতদের আত্মার শান্তি কামনা করে আক্রান্ত ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

রাষ্ট্রপতি সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, আমরা এমন একটি সময়ে ঈদ উদযাপন করছি, যখন সারাবিশ্ব কোভিড-১৯ ভাইরাসে বিপযর্স্ত। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এ সময়ে করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ করতে যেয়ে আমাদের এমন কিছু করা ঠিক হবে না, যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে।

রাষ্ট্রপতি ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ এবং চারপাশের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি।

রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনিন কল্যাণকে ইসলাম ধারন করে। 

তিনি ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তুলক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নিজে ভাল থাকি, অন্যকে ভালো রাখি, এটাই হোক এবারের ঈদে সবার অঙ্গীকার।