করোনা দুর্যোগে ঘরেই কাটাতে হচ্ছে ঈদ। তারকাদের ঘরবন্দি ঈদের খবর নিয়েই দেশ রূপান্তরের ঈদ আয়োজন...
বিদ্যা সিনহা মিম জানালেন ঘরে বসেই কেটেছে তার ঈদের দিন। ঈদ ঘিরে আগে থেকে কোনো পরিকল্পনাও ছিল না। তিনি বলেন, ‘এবারের ঈদের ছুটি তো আলাদাভাবে করার কোনো সুযোগ নেই। ঢাকার বাসাতেই আছি। এখানেই ঘরোয়াভাবে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। যেহেতু বাইরে যাওয়া ঠিক নয়, তাই নিজের জন্য কোনো কেনাকাটাও করিনি। আর ঘরে বসেই রান্না-বান্নাও করেছি।’
ঘরবন্দি সময় কেমন কাটছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরে বসে খাইদাই ঘুমাই। ঘরের কাজও করি টুকটাক। এভাবেই শুয়ে-বসে চলে যাচ্ছে ঘরবন্দি সময়। সিনেমা দেখছি, সিরিজগুলো দেখছি। একটা সিরিজ দেখা শুরু করলে সারা দিন সেই সিরিজ দেখতে দেখতেই চলে যায়।’
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ভক্তদের উদ্দেশে বলব, তারা যেন বাসায় থাকে এবং সতর্ক থাকে। আপনি যতক্ষণ বাসায় থাকছেন ততক্ষণ নিরাপদ। আর যদি খুব প্রয়োজনে বাইরে যেতেও হয়, তখন যেন যথেষ্ট সতর্কতা নিয়েই বের হন। স্বাস্থ্যবিধি মেনে চলেন। এতটুকুই চাওয়া।’