করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদের দিন স্বাস্থ্যবিধি ভেঙে মাধবপুর চা বাগান লেকে প্রচুর পর্যটকদের আনাগোনা দেখা গেছে।
সোমবার ঈদের দিন বেলা ২টায় মাধবপুর চা বাগান লেকে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনে নারী-পুরুষ ও শিশু দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। লেকে প্রবেশের প্রায় দেড় কিলোমিটার দূরে চা কারখানার সামনের গেটে পর্যটকদের মোটরসাইকেল ও যানবাহন আটকে দিলেও পায়ে হেঁটেই লোকজন লেকে প্রবেশ করেন।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু দেশ রূপান্তরকে বলেন, এ সময়ে লেকে পর্যটকদের প্রবেশ নিষেধ থাকলেও তারা কোন নিষেধাজ্ঞা মানছেন না। স্বাস্থ্যবিধি না মেনে জোর করে লেকে পর্যটকদের প্রবেশ করার বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার পুলিশ কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে মাধবপুর লেকে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা সেখান থেকে পর্যটকদের বের করে দেবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, এই সময়ে পর্যটন কেন্দ্রে প্রবেশ কোনভাবেই মানা যাবে না। আর দল বেধে এভাবে স্বাস্থ্যবিধি ভেঙে ঘুরে বেড়ানোর কোন সুযোগ দেওয়া যাবে না। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।