‘পাতাল লোক’ ওয়েবসিরিজে অনুমতি ছাড়া নিজের ছবি দেখানোয় প্রযোজক আনুশকা শর্মার বিরুদ্ধে এফআইআর (সাধারণ অভিযোগ) দায়ের করেছেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার। আনুশকা প্রযোজিত প্রথম এই সিরিজের বিরুদ্ধে এর আগে মামলা করে গোর্খা সম্প্রদায়ের একটি সংগঠন।
ওয়েবসিরিজটির একটি দৃশ্যে দেখানো হয়েছে, জাতীয় সড়কের উদ্বোধন করছেন বালকৃষ্ণ বাজপেয়ী নামের এক ব্যক্তি। সিরিজে তার চরিত্রটি নেগেটিভ। এই চরিত্রের সঙ্গেই নন্দকিশোর গুরজারের ছবি ব্যবহার করা হয়।
আসল ছবিতে কোনও এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথের সঙ্গে গুরজারকে দেখা গিয়েছিল। আনুশকার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগপত্রে গুরজার বলেছেন, ‘এখানে সনাতন ধর্ম ও একাধিক হিন্দু সংগঠনকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। যেটি সম্পূর্ণরূপে দেশবিরোধী। এছাড়া ওয়েব সিরিজটিতে আমাকে ডাকাত এবং নিন্দা করে, এমন লোক হিসেবে দেখানো হয়েছে।’
নন্দকিশোর গুরজারের মতে ‘পাতাল লোক’ পাঞ্জাবের ব্রাহ্মণ ও ত্যাগীদের মধ্যে বৈষম্য তৈরির চেষ্টা করেছে। এমনকি এখানে নাকি অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ‘সিরিজটি ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করেছে।’
তার মতে, অ্যামাজন প্রাইমের উচিত এই ভিডিও সিরিজ নিষিদ্ধ করা।