হাতে হাত রেখে জীবনের ইনিংসে ২৫টি বসন্ত পার করে দিলেন শচীন টেন্ডুলকার ও অঞ্জলি মেহতা। ২৫ মে ছিল ভারতীয় কিংবদন্তি শচীন ও স্ত্রী অঞ্জলির ২৫তম বিবাহ বার্ষিকী। পাঁচ বছর প্রেমের পর ১৯৯৫ সালের ২৫মে জীবনের উইকেটে জুটি বেঁধেছিলেন শচীন-অঞ্জলি।
অর্থাৎ ব্যাট হাতে রানের পর রান, রেকর্ডের পর রেকর্ড গড়া শচীন জীবনের ইনিংসে অন্যরকম কোয়ার্টার সেঞ্চুরি পূরণ করলেন।
অবশ্য বিশেষ এই দিন উপলক্ষে তেমন কোনো আয়োজন ছিল এই দম্পতির। করোনাভাইরাসের কারণে গত ২৪ এপ্রিল নিজের জন্মদিন পালন করা থেকে বিরত ছিলেন শচীন। বিরাহ বার্ষিকীটাও ঘরোয়াভাবেই উদযাপন করেছেন।
শচীন তার ২৫তম বিবাহ বার্ষিকীতে পরিবারের সবার জন্য নিজ হাতে আমের কুলফি বানিয়েছেন। যার ভিডিও তৈরি করে ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন।
শচীন-অঞ্জলির প্রেম কাহিনি ঠিক সিনেমার মতো। ১৯৯০ সালে তাদের প্রথম দেখা। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে অঞ্জলির সঙ্গে দেখা হয় শচীনের।
বিমানবন্দরে বাবা-মাকে রিসিভ করতে যান অঞ্জলি। সেখানেই শচীনের সঙ্গে তার প্রথম দেখা হয়। প্রথম দর্শনেই অঞ্জলিকে মনে দিয়ে ফেলেছিলেন ১৭ বছরের শচীন।
এরপর দীর্ঘ প্রেমের পর বিয়ে। সবমিলে শচীন-অঞ্জলির সম্পর্কের বন্ধন ৩০ বছরের।
এই দম্পতির ঘরে এক মেয়ে, এক ছেলে। মেয়ের নাম সারা, ছেলের নাম অর্জুন। কিশোর অর্জুন ক্রিকেটার হিসেবে এরই মধ্যে নিজেকে চেনাতে শুরু করেছেন।
অঞ্জলি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক প্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ। তবে সন্তানদের দেখাশোনার জন্য শেষ পর্যন্ত আর নিজের ক্যারিয়ারের দিকে মন দেননি। ছেড়ে দিয়েছিলেন পেশা।