ভিকির সঙ্গে যে কারণে থাকেন না ক্যাটরিনা

চলমান লকডাউনে বলিউডের অনেক লাভ বার্ড জুটি একসঙ্গে থাকছেন। যেমন; রণবীর-আলিয়া ও রাজকুমার রাও-পত্রলেখা। কিন্তু ব্যতিক্রম হালের অতিচর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

আনন্দবাজার পত্রিকা জানায়, এই দুই তারকা একদম আলাদাই থাকছেন। ভিকি তার বাড়িতে মা ও ভাই সানি কৌশলের সঙ্গে সময় কাটাচ্ছেন। ক্যাটরিনা রয়েছেন বোন ইসাবেলার সঙ্গে।

কয়েক দিন আগে ছিল ভিকির জন্মদিন। চিত্রশিকারিরা ভেবেছিলেন ক্যাটরিনা তার সঙ্গে দেখা করতে যাবেন। সেখানেও ফাঁকি দিয়েছেন এই জুটি।

দুজনের ঘনিষ্ঠদের মতে, তাদের সম্পর্ক নিয়ে যাতে অতিরিক্ত চর্চা না হয়, সেই জন্যই এই আলাদা থাকার সিদ্ধান্ত। বিশেষত, ক্যাটরিনা এই সম্পর্ক প্রচারের বাইরে রাখতে চাইছেন। রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের তিক্ত পরিণতিই নাকি এই সিদ্ধান্তের কারণ।

সম্পর্ক নিয়ে অকপট না হলেও বিভিন্ন পার্টি, সিনেমার প্রিমিয়ার, রেস্তরাঁয় দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। আর ভিকির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা উইশ করেন। যেহেতু দেখা সাক্ষাতের উপায় নেই, সবকিছুই চলছে ভার্চুয়াল মাধ্যমে। তাই ক্যাটও ভার্চুয়াল গিফট বেছে নিয়েছিলেন ভিকির জন্য।

একটি স্পেশ্যাল ভিডিও বানিয়েছিলেন ক্যাটরিনা। ভিকি ও তার কিছু মুহূর্ত, ভিকির জীবনের কিছু ঘটনা, ছবির ক্লিপিংস, ভিকির পরিবারের সঙ্গে ক্যাটের কাটানো সময়... ইত্যাদির কোলাজ ছিল সেই ভিডিওতে। বোঝা যাচ্ছে, তাদের সম্পর্ক বেশ পোক্ত হয়েছে।