চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ১৬৬ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জন।
এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৫২২ জনের। চব্বিশ ঘণ্টায় ২৪৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত একদিনে মৃত্যুবরণ করা ২১ জনের ১৪ পুরুষ, সাতজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং বরিশাল বিভাগের দুজন। হাসপাতালে মারা যান ২০ জন, বাড়িতে মারা যান একজন।
তাদের বয়স ০-১০ বছরের মধ্যে একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৪১-৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন, ৬১-৭০ বছরের মধ্যে তিনজন, ৮১-৯০ বছরের মধ্যে একজন এবং একজনের বয়স ৯০ এর ঊর্ধ্ব।
বুলেটিনে বলা হয়, দেশে গত একদিনে ৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪১৬টি; এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি নমুনা।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৮২ জন; ছাড় পেয়েছেন ৬৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৭৭০ জন।
নতুন করে কোয়ারেন্টাইনে আনা হয়েছে ২ হাজার ৪৫২ জনকে; ছাড় পেয়েছেন ১ হাজার ৮৬৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫ হাজার ৯৮৯ জন।