পুরোদমে খুলে যাচ্ছে দুবাই, চালু হচ্ছে ব্যবসা

করোনা পরিস্থিতির মধ্যেই পুরোদমে চালু হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক শহর দুবাইয়ে ব্যবসায়িক কার্যক্রম।

সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনাবিষয়ক সুপ্রিম কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। 

বৈঠকের পর এক ঘোষণায় বলা হয়েছে, বুধবার থেকে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাইয়ের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে চলাচলেও কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না।

সম্প্রতি কয়েকটি গবেষণায় দেখা গেছে, করোনা থেকে একেবারেই মুক্তি দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে এখন এটির সঙ্গেই জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। 

এসব বিষয়কে মাথায় রেখেই দুবাইয়ের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কমিটি।

এর আগে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ১২ মে জনসাধারণের ওপর আরোপ করা কিছু বিধি নিষেধ শিথিল করে সংযুক্ত আরব আমিরাত।

এরপর সীমিত আকারে জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয় পার্ক, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন পাবলিক প্লেস।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩০৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৪৮ জন।