জীবন-মিনারের ‘তোমার দখলে’

‘দেয়ালে দেয়ালে’, ‘কি করি’, ‘গতকাল’, ‘বাউন্ডুলে’, ‘এতটা ভালোবাসি’ প্রভৃতি গানের পর ‘তোমার দখলে’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন এবং গায়ক মিনার রহমান। ঈদ উপলক্ষে লিরিকাল ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক। ২০ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটি বানিয়েছেন শরীফ আল দীন।

গানটির মুখ- ‘আমার আগেই জেনে গেছে সকলে/ এ মন চলে গেছে তোমার দখলে/ ছুঁয়ে যাচ্ছে রঙিন হাওয়া/ মিলে যাচ্ছে চাওয়া পাওয়া/ তবে কি পা বাড়ালাম তোমার দলে।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘এক বছর আগে মিনার রহমানের কথা ভেবেই গানটি লিখেছিলাম। রেজওয়ান শেখ মেলোডির ওপর দারুণ একটি সুর করেছেন। সংগীতায়োজনও হয়েছে মনে লাগার মতো। মিনার রহমান অন্তর থেকে গানটি গেয়েছেন। শুনতে আরাম লাগবে, শান্তি লাগবে।’