করোনা: হাসপাতালে চিকিৎসক-নার্সের শুভ পরিণয়

করোনাভাইরাসের কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল তাদের। পরে আবার দিনক্ষণ এগিয়ে এনে নিজেদের কর্মক্ষেত্র হাসপাতালকেই বিয়ের জন্য বেছে নেন চিকিৎসক-নার্স যুগল।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি লন্ডনের। ৩৪ বছর বয়সী নার্স জান টিপিং ও ৩০ বছর বয়সী চিকিৎসক আন্নালান নাভারাতনাম স্থানীয় সেন্ট থমাস হাসপাতালের গ্রেড টু তালিকাভুক্ত একটি চ্যাপেলে বিয়ে করেন।

ওই অনুষ্ঠান লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয় যাতে স্বজনরা বাড়িতে বসেই অংশ নেন।

এই যুগল জানান, এখনো পর্যন্ত সবাই সুস্থ থাকার কারণে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

টিপিং-নাভারাতনামের বিয়ের পরিকল্পনা ছিল আগস্টে। ভেবেছিলেন নর্দার্ন আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে স্বজনরা হয়তো আসতে পারবেন না। পরে সাউথ লন্ডনের তুলসি হিল এলাকার এই বাসিন্দারা অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।

টিপিং জরুরি সেবা বিভাগের নার্স। বিয়ের সিদ্ধান্তের কারণ হিসেবে বলেন, “আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে সবাই আনন্দ করতে পারে, সবাই এখনো সুস্থ, যদিও আমাদের স্বজনরা আমাদেরকে স্ক্রিনেই দেখছে।”

নাভারাতনাম এক বছর ধরে চিকিৎসক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে কাজ করছেন। তিনি বলেন, “খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পেরেছি।”

নব দম্পতির জন্য ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ ও বক্তব্যের ব্যবস্থা করা হয়। ২৪ এপ্রিলের ওই অনুষ্ঠানকে তারা ‘অন্তরঙ্গ’ ও ‘চমৎকার’ বলে উল্লেখ করেন। আর কাজের জায়গায় বিয়ে করাও ‘অদ্ভুত’ মনে হচ্ছে তাদের।

রেভারেন্ড মিয়া হিলবর্ন বিয়ের পুরো আয়োজন পরিচালনা করেন। তিনি বলেন, “এই আয়োজনের অংশ হতে পেরে তিনি শিহরিত।”

এদিকে বিয়ের খবর শোনার পর এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক লেখেন, ‘চমৎকার’।