শচীনের মতো গ্রিপ লারা পুত্রের!

শচীন টেন্ডুলকার না ব্রায়ান লারা? ক্রিকেট ভক্তরা একটা সময় এই দুইয়ের মাঝে তুলনায় মেতে থাকতেন। দুজনই ক্রিকেট ছেড়েছেন অনেক দিন। তবে দুজনের মধ্যে কে সেরা, আজও এই প্রশ্নের সমাধান মেলেনি। সেটা যে সম্ভব নয়, তা নিশ্চিতভাবেই লেখা যায়। তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারা পুত্র কিন্তু ব্যাট করেন ভারতীয় কিংবদন্তি শচীনের মতো! বাবার মতো ব্যাট করতে চায় না সে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মঙ্গলবার ব্যাট হাতে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন লারা। যেখানে দেখা যাচ্ছে ঘরে ব্যাটিং শিখছে লারার ছেলে।

তাকে তার মা গ্রিপ পাল্টানোর কথা বললেও তাতে রাজি নয় লারা জুনিয়র। বল পেলে সুইং করে ডানহাতি বা বাঁহাতি ব্যাটসম্যান দুইভাবেই মারতে চায়। তবে দাঁড়ানোর ভঙ্গি বলছে, সে ডানহাতিই হতে চায়।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে যেন লারা একটু আক্ষেপ করলেন, ‘যেভাবে ব্যাটের গ্রিপ ধরেছে, এটা আমাকে বলে সে বাঁহাতি ব্যাটসম্যান হতে চায়। মা তাকে খুব ভালো কিছু পরামর্শ দিচ্ছে। হাত বদলানোর কথা বললে মনোভাবটি দেখুন। দুই হাত ব্যাটের একই জায়গায়…। তুমি কি বাবার মতো খেলতে চাও না…।’

লারার এই পোস্টের পর বুধবার শচীন একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। লারার ছেলের ব্যাটিংয়ের ছবি এবং নিজের ছোট বেলার ব্যাটিং শেখার ছবি পোস্ট করেন শচীন। যাতে দেখা যাচ্ছে লারার ছেলের সঙ্গে তার ছোটবেলার গ্রিপের সাদৃশ্য।

ছবির ক্যাপশনে লারাকে উদ্দেশ্য করে শচীন লিখেছেন, ‘আমি এমন একটা ছেলের কথা জানি যার গ্রিপও একই রকম ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সে খুব একটা খারাপ করেনি।’

এরপর লারাও শচীনকে জবাব দিয়েছেন, ‘আমিও তাই দেখছি শচীন...। ঠিক আছে আমি এতে হস্তক্ষেপ করব না। তোমাকে পরামর্শের জন্য ধন্যবাদ।’