বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান এবং তার স্ত্রী মমতাজ বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাসুদ আহমদ তালুকদার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৮০ বছর বয়সী রেজ্জাক ও ৭০ বছর বয়সী মমতাজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মাসুদ আহমদ তালুকদার বলেন, ২০ মে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খানের করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট শুরু হওয়ায় মঙ্গলবার তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে তার স্ত্রীকেও হাসপাতালে নেয়া হয়।
এ পরিবারের অপর কয়েকজন সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়ে মাসুদ তালুকদার বলেন, তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
১৯৬৪ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এক সময় তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন রেজ্জাক খান। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।