নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি ও সাবেক মেম্বার গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বুধবার বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব হোসেন (১৩)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও একই এলাকার জালালউদ্দিনের ছেলে।
জানা গেছে, কালাপাহাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার হক সাহেব ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গ্রুপের মধ্যে বিকেলে সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র আইয়ুব মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন রাস্তায় আছি। পরে বিস্তারিত জানাব।