ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনালদো!

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্তিয়ানো রোনালদো! শিরোনামটা দেখে চমকে যাওয়ার মতোই! তবে করোনা উদ্বেগের মাঝে বিনা মেঘে বজ্রপাত ঘটেনি। ইতালিয়ান ক্লাব জুভেন্তাস ছেড়ে ইংলিশ ক্লাবেও ফেরেননি রোনালদো।

আসলে একেবারে ভিন্ন একটি দিকের বিচারে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন পর্তুগিজ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় যে চুলের স্টাইল রাখতেন, সেই পুরনো স্টাইলে ফিরে গিয়েছেন রোনালদো।

মঙ্গলবার ইন্সটাগ্রামে নিজের চুলের নতুন ছাঁটের ছবি পোস্ট করেন পর্তুগিজ তারকা। যার ক্যাপশনে সি আর সেভেন লিখেছেন, ‘অনুমোদন করছেন?’

পুরনো ক্লাবে খেলার সময় সামনের চুলগুলো যেমন বড় রাখতেন, এখন তাই রাখছেন রোনালদো। এর আগে করোনা লকডাউনে রোনালদোকে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ নতুন হেয়ারস্টাইল করে দিয়েছিলেন।

এদিকে ক্রিস্তিয়ানো রোনালদোকে আগের স্টাইলে ফিরে পেয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা নষ্টালজিক হয়ে লম্বা চুল রাখতে বলেছেন।

৩৫ বছর বয়সী রোনালদোকে নিয়ে এক ইউনাইটেড ভক্ত লিখেছেন, ‘লম্বা চুল রোনালদোর বয়স যেন ১০ বছর কমিয়ে দিয়েছে। ভক্তরা রোনালদোকে এই রূপেই দেখতে চাই।’

আরেক ফুটবলপ্রেমী মন্তব্য করেন, ‘রোনালদো পুরোনো চুলের এই স্টাইল ইউনাইটেডে থাকা ক্রিস্তিয়ানোর কথা মনে করিয়ে দেয়। রোনালদো সাবেক ক্লাব ম্যানচেস্টারকে আজও যে দারুণ ভালোবাসে এটা তারই প্রমাণ!’