নোবিপ্রবির গবেষকের নতুন অমেরুদণ্ডী প্রাণী আবিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন দেশের উপকূলীয় অঞ্চল থেকে একের পর এক নতুন প্রজাতি আবিষ্কার করে চলেছেন। এবার নোয়াখালীর হাতিয়া উপকূলের জলাভূমি থেকে ‘গ্লাইসেরা শেখমুজিবি’ (Glycera sheikhmujibi) নামে আরেকটি নতুন পলিকীট প্রজাতির সন্ধান পেয়েছেন। তার এই সাফল্য যাত্রায় গবেষণার সঙ্গী হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটের পলিকীট বিজ্ঞানী ড. প্যাট হ্যাচিংস।

Glycera sheikhmujibi আবিষ্কারের পূর্বেও তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে নেফটাইস বাংলাদেশি (Nephtys bangladeshi), নিউমানিয়া নোবিপ্রবিয়া (Neumania nobiprobia) ও অ্যারেনুরাস স্মিটি (Arrenurus smiti), এবং ব্রুনাইয়ের সমুদ্র এলাকা থেকে ভিক্টোরিয়োপিসা ব্রুনেইয়েনসিস (Victoriopisa bruneiensis) নামের আরও চারটি নতুন অমেরুদণ্ডী প্রজাতি আবিষ্কার করে বিশ্ব আলোড়ন সৃষ্টি করেন।

প্রাণিজগতের এনেলিদা (Annelida) পর্বের অন্তর্ভুক্ত এই হালকা গোলাপি বর্ণের অত্যন্ত ক্ষুদ্র ও নলাকৃতির নতুন প্রজাতির নামকরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গৌরবময় ভূমিকা ও গবেষণা ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদান চির স্মরণীয় করে রাখতে এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান গবেষক ড. বেলাল।

সদ্য আবিষ্কৃত ৪২ মি.মি. দৈর্ঘ্যের পলিকীটটি সর্বমোট ১৫৮ টি খণ্ডে খণ্ডিত এবং দেহের মধ্যভাগে ২.২ মি.মি. প্রস্থ। এই ক্ষুদ্রাকৃতি প্রাণীর অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এর একটি ঘণ্টাকৃতির দীর্ঘায়িত চোষক মুখ রয়েছে যা নলাকার ও নমনীয় এবং প্যাপিলা দ্বারা আবৃত কিন্তু কোন চোখ থাকে না। চোষকের প্রান্তিক অংশে চারটি কালো হুকের মতো চোয়াল রয়েছে। চোষকে তিন ধরনের প্যাপিলা থাকে। চোষকের দুই জোড়া চোয়াল শক্ত ত্রিকোণাকৃতির এইলেরনের সাথে যুক্ত থাকে। এছাড়া দেহের মধ্যখানে সমান আকারের আঙ্গুলাকৃতির লোব বিদ্যমান। Glycera sheikhmujibi প্রজাতিটি বঙ্গোপসাগরে বসবাসকারী গ্লাইসেরা গণের ১১ টি প্রজাতির একটি এবং বাংলাদেশের উপকূলের দ্বিতীয় আবিষ্কৃত প্রজাতি। এটি সংগ্রহ করা হয় হাতিয়ার নিকটবর্তী মেঘনা নদীর মোহনা থেকে। পলিকীটের নতুন এই প্রজাতিটি সাধারণত লোনা কর্দমাক্ত জলাশয়ের তলদেশের মাটিতে বসবাস করে এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। জীবজগতের প্রতিটি প্রাণী খাদ্যর জন্য একে অপরের ওপর নির্ভরশীল তাই খাদ্যচক্রে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা মাটিতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত করে উপকূলের জলাভূমি অঞ্চলের পুষ্টি ও অক্সিজেন আদান-প্রদান করে তলদেশের উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আবিষ্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়ে গবেষক ড. বেলাল জানান, বাংলাদেশের পলিকীট জীববৈচিত্র্য নিয়ে তিনি গত পাঁচ বছর পৃথিবীর বিখ্যাত অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটের ড. প্যাট হ্যাচিং এর সাথে যৌথভাবে গবেষণা করছেন। গবেষণার অংশ হিসেবে বাংলাদেশের নোয়াখালী উপকূলীয় অঞ্চল থেকে সংগৃহীত কিছু পলিকীট নমূনা শনাক্ত করতে গিয়ে দেখতে পান সদ্য আবিষ্কৃত প্রজাতিটি বৈশিষ্ট্যের দিক থেকে Glycera গণভূক্ত অন্যান্য স্বীকৃত ৮০ টি প্রজাতি থেকে আলাদা। অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে সংরক্ষিত এই গণভূক্ত আরও বেশ কিছু নমুনার সাথেও তুলনা করা হয়। চূড়ান্তভাবে নতুন প্রজাতি হিসেবে নিশ্চিত হওয়ার জন্য অত্যাধুনিক Scanning Electron Microscope (SEM) প্রযুক্তিও ব্যবহার করা হয়। গত চার বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে এই নিয়ে যেসব বিজ্ঞানীগণ গবেষণা করেন তাদের সাথে আলোচনা করা হয় এবং অভিজ্ঞ মতামত নেয়া হয়। পরে ড. প্যাট হ্যাচিংসসহ এই প্রজাতিটির স্বীকৃতি লাভের জন্য গবেষণার ফলাফল সুইজারল্যান্ড থেকে প্রকাশিত আন্তর্জাতিক ট্যাক্সনমিক জার্নাল ‘DIVERSITY’ তে পাঠানো হয়। গত ২৬ মে, ২০২০ তারিখে “Glycera sheikhmujibi n. sp. (Annelida: Polychaeta: Glyceridae): A New Species of Glyceridae from the Saltmarsh of Bangladesh’ শিরোনামে তা প্রকাশিত হয়। একই দিনে বিশ্ব স্বীকৃত ডাটাবেইজ ‘Zoobank’ এ অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে প্রজাতিটি নতুন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

ড. বেলাল আরো বলেন, এই পর্যন্ত পৃথিবী থেকে প্রায় দশ হাজার প্রজাতির পলিকীট আবিষ্কৃত হয়েছে। অথচ আজ অবধি প্রকাশিত গবেষণা প্রবন্ধে বাংলাদেশ থেকে মাত্র ৩০ টি প্রজাতির তালিকা পাওয়া যায়। আমাদের উপকূলীয় সামুদ্রিক অঞ্চল অত্যন্ত জীববৈচিত্র্যপূর্ন। অপ্রতুল গবেষণার জন্য আমরা এখনও আমাদের জীববৈচিত্রের পূর্ণাঙ্গ তালিকা তৈরী করতে পারিনি। এমনও হতে পারে যে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় ও মানব সৃষ্ট দূষণের কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রজাতি উন্মোচনের আগেই পৃথিবী থেকে হারিয়ে যাবে। প্রাণিজগতের প্রতিটি প্রাণীই বাস্তুসংস্থান তথা খাদ্যচক্রে অনন্য ভূমিকা পালন করে। এদের একটির অনুপস্থিতিতে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে। ফলে বাস্তুসংস্থান তার স্বকীয়তা হারায়।এই গুরুত্ব অনুধাবন করে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও জীববৈচিত্র্য নিয়ে আরও ব্যাপক গবেষণা হওয়া দরকার।

উল্লেখ্য যে, ড. মোহাম্মদ বেলাল যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, ব্রুনাই দারুস সালাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং অস্ট্রেলিয়া থেকে পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “রিসার্চ সেল” এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক প্রকাশিত প্রবন্ধ রয়েছে। ড.বেলাল হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেন্দুয়া গ্রামের মৃত আব্দুছ ছোবাহান ভূঁঞা ও দেলোয়ারা বেগমের প্রথম পুত্র। ব্যক্তিগত জীবনে ড.বেলাল বিবাহিত। তার সহধর্মিণী ড. শারমিন রহমান অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সালমা আফিয়া ও ওমার আব্দুল্লাহ নামে দুই সন্তানের জনক।