রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রঘুনন্দন শিকদার আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টায় নিজবাড়ীতে তিনি পরলোক গমন করেন।
এক সময় প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় ছিলেন রঘুনন্দন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা শুরু করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।
বালিয়াকান্দি কেন্দ্রীয় পূজা মন্দিরের সাবেক সভাপতি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
তার ছেল তনু শিকদার জানান, পারিবারিকভাবে শেষকৃত্যের প্রস্ততি চলছে। পরিবারের অন্যান্যরা আসার পরই সময় চূড়ান্ত করা হবে।
এদিকে প্রবীণ এই সংবাদকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম, তার জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এবং রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক ও রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।