রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় আলিফ (২০) নামের এক যুবক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের একজন সামির (২১)। অপর জনের নাম জানা যায়নি।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিন যুবক এক মোটরসাইকেলে ছিল। তারা সিদ্ধেশ্বরীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, নিহত ও আহতদের সম্পর্কে বিস্তারিত জানান চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।