পুলিশের টিকটকে হারানো বাবাকে ফিরে পেলেন যুবক

গরীব পথচারীকে সাহায্য করতে টিকটক ভিডিও করেন পাঞ্জাব পুলিশের এক সদস্য। সেই ভিডিও ভাইরাল হলে চোখে পড়ে তার ছেলের। এভাবে ২ বছর পর পরিবারের কাছে ফিরতে পেরেছেন আর ভেঙ্কটেশ্বরলু নামের ওই ব্যক্তি।

বিবিসি জানিয়েছে, ভেঙ্কটেশ্বরলুকে পাওয়া যায় তার বাড়ি থেকে ২ হাজার কিলোমিটার দূরে। তার ছেলে আর পেদ্দিরাজুর এক বন্ধু ভিডিওটি প্রথম দেখতে পান। এরপর তারা পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

‘ওনাকে দেখে চোখের জল আটকাতে পারিনি,’ বাবাকে পেয়ে বিবিসির কাছে এভাবে অনুভূতি প্রকাশ করেন  পেদ্দিরাজু।

তিনি জানান, ভেঙ্কটেশ্বরলু কানে একটু কম শুনতে পান। কথা বলতেও কিছুটা সমস্যা। হারানোর আগে কোনোদিন তিনি গ্রামের বাইরে যাননি।

২০১৮ সালের এপ্রিলে ট্র্যাকে করে আরেকটি গ্রামে কাজের খোঁজে যান। ওই ট্র্যাকে তিনি ঘুমিয়ে পড়লে চালক অন্য জায়গায় নিয়ে নামিয়ে দেয়।

তাকে পাওয়া গেছে মূলত পাঞ্জাব পুলিশের কনস্টেবল আজাইব সিংহের কল্যাণে। লকডাউনের সময় লুধিয়ানার বিভিন্ন অঞ্চলে তিনি খাবার দিয়ে বেড়াচ্ছেন। সেই সব ভিডিও নিয়মিত নিজের চ্যানেলে আপলোড করেন। চ্যানেলটিতে তার প্রায় ৮ লাখ ফলোয়ার।

তেমনই একটি ভিডিওতে ভেঙ্কটেশ্বরলুকে দেখতে পান পেদ্দিরাজুর বন্ধু।