নভেল করোনাভাইরাসকে স্ত্রীর সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা-মন্ত্রী মোহাম্মদ মাহফুদ।
গত বুধবার ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ওই মন্ত্রী বলেন, ‘করোনা হল স্ত্রীর মতো। নিয়ন্ত্রণ করার চেষ্টায় থাকবেন। কিন্তু পারবেন না।’
ইংরেজিতে বক্তব্য দেওয়া ওই ভিডিওতে তিনি আরও বলেন, ‘এভাবে এক সময় আপনি তার সঙ্গে থাকা শিখে যাবেন।’
এটি শোনার পর দেশটির নারীবাদী সংগঠনগুলো প্রতিবাদ করেছে। কেউ কেউ তার পদত্যাগের দাবিও তুলেছেন!
ইন্দোনেশিয়ায় বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরণের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার অনুসন্ধানী নারী সাংবাদিক ফেব্রিয়ানা ফিরদাউস বলেন, যদি স্ত্রীকে পছন্দ না করেন তাহলে কেন বিয়ে করলেন?
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ভাইরাসটিতে ২৪ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৯৬ জন।