করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধে নিষেধাজ্ঞা

কভিড-১৯ চিকিৎসার পরীক্ষামূলক ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তা নিয়ে শঙ্কায় গত সোমবার একই সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এর জেরেই গত বুধবার ফ্রান্স, ইতালি ও বেলজিয়ামের সরকার করোনাভাইরাস চিকিৎসায় ওষুধটির ব্যবহার নিষিদ্ধ করে। একই দিন ওষুধটির আলাদা একটি পরীক্ষা বাতিল করে দিয়েছে যুক্তরাজ্যের একটি নিয়ন্ত্রণকারী সংস্থা। 

করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনো স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক বিভিন্ন তৎপরতা চলছে। চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের ব্যবহার নিয়ে চীনে ফেব্রুয়ারি মাসে চালানো এক সমীক্ষার পর বিষয়টি নিয়ে লেগোসে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়। মার্চের শেষ সপ্তাহে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসের চিকিৎসায় ওই ওষুধ অনুমোদন করেছে। তবে তখনই দাবিটি নাকচ করে দেয় এফডিএ। তা সত্ত্বেও লোকজনের মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন কিনে ঘরে মজুদ করার হিড়িক পড়ে। বুধবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় দুই মাস ধরে সচল থাকা একটি ডিক্রি জারি বাতিল করে দিয়েছে। ওই ডিক্রিতে কভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসকদের নির্দিষ্ট পরিস্থিতিতে ওষুধটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল।