অষ্টম শ্রেণি : বিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

পিতা-মাতার বৈশিষ্ট্য সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়। এটা নির্ধারণে ক্রোমোজোম, জিন, ডিএনএ ও আরএনএ-এর ভূমিকা আছে।

ক. বংশগতি কী?

খ. মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন?

গ. জিনের ভূমিকা বর্ণনা করো।

ঘ. বংশগতিতে ডিএনএ এবং আরএনএ’র ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর :

ক. বংশগতি : মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।

খ. বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কারতত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান-সন্ততি পেয়েই থাকে। মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে। আর সন্তানরা পিতা-মাতার যেসব বৈশিষ্ট্য পায়, সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। পরে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কীভাবে পিতা-মাতার বৈশিষ্ট্য তার সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সমন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়।

গ. মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং সবই জিন দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোও তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরের বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখে।

ঘ. বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএ’র গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ’র অংশকে জিন নামে অভিহিত করা হয়। জিন হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ। ডিএনএ অণু জিনের রাসায়নিক রূপ। যেসব জীবে ডিএনএ থাকে না কেবল আরএনএ থাকে, সে ক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেমন তামাকগাছের মোজাইক ভাইরাস। জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরের বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে।
 

এনাতুর রহীম

সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)

ধানমন্ডি গার্লস হাইস্কুল, ঢাকা