সুন্দরবন থেকে ৬ কিশোরকে উদ্ধার

সুন্দরবনে ঘুরতে গিয়ে পথ হারানো ছয় কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। টানা ১৩ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোররাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে অভিভাবকদের হাতে তাদের তুলে দিয়েছে পুলিশ। ৯৯৯-এর কল সেন্টারে কল করে সাহায্য চাইলে পুলিশ সুন্দরবনে গিয়ে তল্লাশি চালিয়ে ওই কিশোরদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোররা হলো শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ইসাহাক খলিফার ছেলে জয় (১৬), একই গ্রামের ফারুক খলিফার ছেলে সাইমুন (১৬), শহিদুল খলিফার ছেলে জুবায়ের (১৭), শহিদুল খলিফার ছেলে মাইনুল ইসলাম (১৬), জাহাঙ্গীর তালুকদারের ছেলে রহিম (১৭) এবং পার্শ^বর্তী রায়েন্দা বাজারের জাহাঙ্গীর খলিফার ছেলে ইমরান (১৯)।

উদ্ধার হওয়া কিশোররা সাংবাদিকদের জানায়, তাদের বাড়ির পাশেই সুন্দরবন। কিন্তু কখনো ঘুরে দেখা হয়নি। তাই বাড়ির কাউকে না জানিয়ে ঈদে ছয় বন্ধু মিলে সুন্দরবনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। সকাল ১০টায় বনে ঢুকে গল্প করতে করতে পথ হারিয়ে ফেলে তারা। বাড়ি ফেরার পথ খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যায়। সন্ধ্যার দিকে তাদের হঠাৎ মনে হলো যে ৯৯৯-এর কল সেন্টারে ফোন সাহায্য চাই। এরপর রাত গভীর হলে জীবজন্তুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে একেকজন পাশাপাশি গাছের ডালে উঠে বসে থাকে। সারা রাত গাছের ডালে নির্ঘুম রাত কাটানোর পর ভোরে দূর থেকে মাইকিংয়ের শব্দ পেয়ে তারা গাছ থেমে নেমে আসে।

শরণখোলা থানার ওসি এস কে আবদুল্লাহ আল সাইদ গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলার উপজেলার আমড়াগাছিয়া গ্রামের ছয় বন্ধু মিলে কৌতূহলবশত উপজেলার রাজাপুর এলাকা থেকে সুন্দরবনে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা পথ হারিয়ে ফেলে। কিশোরদের মধ্যে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি ফলপ্রত্যাশী (পরীক্ষার্থী) জয় বুদ্ধি খাটিয়ে সন্ধ্যায় তার কাছে থাকা মোবাইল থেকে ৯৯৯-এ কল করে। ৯৯৯ কল সেন্টার থেকে স্থানীয় শরণখোলা পুলিশের সঙ্গে ওই হারিয়ে যাওয়া কিশোরদের কথা বলিয়ে দেয়। এরপর থানা পুলিশ ও ধানসাগর নৌপুলিশ স্থানীয়দের নিয়ে সুন্দরবনে তল্লাশি শুরু করে। পুলিশ সুন্দরবনে ঢুকে হারিয়ে যাওয়া কিশোরদের উদ্দেশে হ্যান্ড মাইকিং করে। তারা তা শুনতে পেয়ে আমাদের কাছে চলে আসে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে কিশোরদের আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। তারা লোকালয় থেকে প্রায় ৫-৬ কিলোমিটার গহীন বনে ঢুকে পথ হারিয়ে ফেলে।