চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের গবেষণাগারকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি প্রদান করা হয়।
অনুমতিপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে কভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালু করার অনুমতি প্রদান করা হল।
এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। কভিড-১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডেএইচআইএস ২-তে প্রেরণ করতে হবে।
এছাড়া, চিঠিতে কভিড-১৯ শনাক্তকরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার জন্য উপাচার্য ড. শিরীণ আখতারকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে। এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার জানান, আমরা নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছি। আগামী সোমবার ল্যাব উদ্বোধন করা হবে। এতে ভিডিও কনফারেন্সে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী উপস্থিত থাকবেন।