করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে দিল মস্কো

করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে রাশিয়ার রাজধানী মস্কোতে। এর মধ্যে এপ্রিলের মৃতের সংখ্যা দিগুনের বেশি বাড়িয়ে দিল শহরটির কর্তৃপক্ষ। 

বিবিসি জানায়, এপ্রিলে মস্কোতে সরকারি হিসাবে করোনায় মারা গিয়েছিলেন ৬৩৯ জন। তবে এক মাস পর সেই সংখ্যা দিগুনেরও বেশি দেখাল শহরটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, ওই মাসে মারা গেছেন ১৫৬১ জন।

করোনা সন্দেহে 'বিতর্কিত' মৃত্যুগুলো নতুন হিসাবে যুক্ত করা হয়েছে বলে মস্কোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়।

শুরু থেকে শহরটির মৃতের সংখ্যা বাস্তবের চেয়ে 'অনেক কম' বলে জানিয়ে আসছিল স্থানীয় সংবাদমাধ্যমগুলো। রুশ সরকার তাদের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচার ও তথ্য বিকৃতির অভিযোগ আনে। 

মস্কোতে এখন পর্যন্ত এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ২৫৪ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, রাশিয়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি। বিশ্বজুড়ে আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই দেশটির অবস্থান। তবে সরকারি হিসাবে দেখা যাচ্ছে, সেখানে মারা গেছেন মাত্র ৪ হাজার ১৪২ জন।

বিপুলসংখ্যক আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে বলে রুশ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এর মধ্যে।

তবে কর্তৃপক্ষের দাবি, গণপরীক্ষা চালানোর ফলে আক্রান্তের সংখ্যা এমন বৃদ্ধি পেয়েছে।