১ কোটি ২৩ লাখ টাকায় বিক্রি হলো 'বিগ ব্রাদার'

এক বোতল কনিয়াকের দাম উঠেছে প্রায় দেড় লাখ ডলার। ১৭৬২ সালের ভিনটেজ মদের জন্য আগ্রহী ক্রেতার অভাব ছিল না। সেখান থেকেই পেল রেকর্ড দাম।

যুক্তরাষ্ট্রের সাথবে অকশন হাউসের বরাত দিয়ে সিএনএন জানায়, খুবই দুর্লভ এই গটিয়ের কনিয়াকের নিলাম হয় অনলাইনে। সেখান থেকে বৃহস্পতিবার এক ক্রেতা ১ লাখ ৪৬ হাজার ডলারে কিনে নেন বোতলটি। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১ কোটি ২৩ লাখ টাকার বেশি।  

এখনো পর্যন্ত টিকে থাকা পৃথিবীর প্রাচীনতম কনিয়াকের একটি এই গটিয়ের কনিয়াক, যার মাত্র তিন বোতল অবশিষ্ট রয়েছে। নিলাম হাউস জানায়, সদ্য বিক্রি হওয়া কনিয়াকটির বোতলই ছিল তিনটির মধ্যে বড়, যা ‘বিগ ব্রাদার’ নামে পরিচিত। বংশপরম্পরায় একই পরিবারের হাতে ছিল বোতলগুলো।

২০১৪ সালে নিউইয়র্কে এক নিলামে বিক্রি হয় ‘লিটল ব্রাদার’, আর ‘লিটল সিস্টার’ আছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গটিয়ের মিউজিয়ামে।

‘বিগ ব্রাদার’কে নিলামে তোলা ব্যক্তি জানান, ১৯ শতকের শুরুর দিকে তার প্রপিতামহ এক এতিম বালককে দত্তক নেন। যার নাম আলফন্স, যিনি একসময় কনিয়াক কারখানায় কাজ করতে যান। এক দশক পর বাড়ি ফেরার সময় গাড়িভর্তি করে কনিয়াক নিয়ে আসেন।

ধারণা করা হয়, এক ধরনের কীটের আক্রমণে ওই সময় আঙুর ক্ষেতে মড়ক লাগে। যার কারণে কনিয়াক নির্ভর অর্থনীতিতে ধস নামে। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে আলফন্স তাতে যোগ দেন, আর কখনো ফিরেননি তিনি। এরপর এক শতকের বেশি সময় ধরে তার আনা বোতলগুলো রয়ে গেছে একদম সুরক্ষিত, লেভেল পর্যন্ত অটুট রয়েছে।