সুনামগঞ্জে আরও ৪ পুলিশ ও দুই শিশুসহ নতুন করে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সুনামগঞ্জ পুলিশ লাইন্সের ১৭ পুলিশ সদস্যসহ এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সের ৪ পুলিশ সদস্য এবং ছাতকের ৬, দোয়ারাবাজারের ৪, সুনামগঞ্জ সদরের ২, জগন্নাথপুরের ১ এবং তাহিরপুরের একজন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি।
বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাত ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪ ও ছাতকের ৬, দোয়ারায় ৪, সুনামগঞ্জ সদরে ২, জগন্নাথপুরে ১ ও তাহিরপুর উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।
এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর এলাকার পুলিশ সদস্য তার ২ শিশুও আক্রান্ত রয়েছেন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন।
বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪০২ জন। আইসোলেশনে গেছেন ৬ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে একজনকে মুক্তি দেয়া হয়েছে।
এছাড়াও বিদেশ থেকে আরো ২ জন প্রবাসী সুনামগঞ্জে এসেছেন। জেলায় আইসোলেশনে আছেন ৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলো তাদের সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।