ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে তরুণ-তরুণীর মৃত্যু

করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণ ও এক তরুণীর মৃত্যু হয়েছে।

মৃতদের একজনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামে। তার নাম আবদুল জলিল (২৩)।

অপরজনের নাম রানী (২২)। তার বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর ইউপির কচুবাড়ি গ্রামে।

রানী শুক্রবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে জলিল বুধবার দিবাগত রাত আড়াইটায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকালে মারা যান তিনি।

এদিকে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্যকর্মীসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়নবলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। দুজনই জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বলেন, মৃত দুজনের নমুনার রিপোর্ট আসলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।