সন্দেহভাজন করোনা রোগীর নমুনা নিয়ে পালাল বানরের দল!

সন্দেহভাজন করোনা রোগী থেকে পরীক্ষার জন্য সংগৃহীত নমুনা নিয়ে পালাল বানরের দল। ভারতের উত্তরপ্রদেশের মিরুটে এই ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সন্দেহভাজন কভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন মিরুট মেডিকেল কলেজের এক ল্যাব টেকনিশিয়ান। তার উপর হামলা চালিয়ে তিনটি নমুনা নিয়ে পালায় একদল বাঁনর। 

মেডিকেল কলেজের প্রাঙ্গণেই এই ঘটনা ঘটেছে। এক ভিডিওতে বানরের এমন কাণ্ড উঠে আসে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, একটি বাঁদর গাছের ডালে বসে সংগৃহীত একটি নমুনার কিট চিবাচ্ছে।

এদিকে বাঁদর ওই নমুনা কী করেছে বা কোথায় ফেলেছে এ নিয়ে তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। 

কর্তৃপক্ষ জানায়, যে রোগীদের নমুনা বানররা চুরি করে নিয়ে পালিয়েছে, তাদের ফের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

হাসপাতালের চিফ সুপারিনটেনডেন্ট ডা. ধীরাজ বালিয়ান জানান, আগেও বানরের এমন উপদ্রব দেখা গিয়েছিল। এবারের ঘটনা বন কর্তৃপক্ষকে  জানানো হলেও এখনও তারা কোনও ব্যবস্থা নেয়নি।