অস্ট্রেলিয়া সফর চূড়ান্ত নয়, জানাল ভারতীয় বোর্ড

একদিন আগেই ২০২০-২১ মৌসুমে নিজেদের ঘরের মাঠে সিরিজগুলোর চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে সূচি অনুযায়ী অক্টোবরেই অস্ট্রেলিয়া সফর করার কথা ভারতের। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানাল, অস্ট্রেলিয়া সূচি ঘোষণা করলেও এখনই সব চূড়ান্ত নয়।

অস্ট্রেলিয়া যে সূচি প্রকাশ করেছে তাতে করোনা প্রাদুর্ভাবের মাঝে আগস্টেই দেশটিতে ক্রিকেট ফিরতে পারে। সে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলবে অজিরা। অনিশ্চয়তার মধ্যে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপও নির্ধারিত সময়ে রেখেই সূচি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। বিশ্বকাপের পর বিরাট কোহলিরা টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে স্টিভেন স্মিথদের বিপক্ষে।

কিন্তু বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমলের কথা, ‘যে সূচি প্রকাশিত হয়েছে, তা আট বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে আগে থেকে পরিকল্পিত। আইসিসি যদি এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ না করে, তা হলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাব কেন? কেনই বা ফিরে আসব আর আবার যাব?’

তিনি যোগ করেন, ‘সিরিজের আগে এখনো ৪-৫ মাস সময় রয়েছে। সূচি অনুসারে জুলাইয়ে আমাদের শ্রীলঙ্কা সফর রয়েছে। যদি ক্রিকেটারদের পক্ষে সফর করা নিরাপদ হয়, তবে আমরা খেলব। এখনো কোনো কিছুই বাতিল করা হয়নি।’