পবিত্র মক্কা বাদে সৌদি আরবের অন্য শহরের মসজিদে রবিবার থেকে আবার নামাজ আদায় শুরু হবে। তার আগে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে ৯০ হাজারের বেশি মসজিদ পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
গত ২৬ মে সৌদি সরকার জানায়, যেসব অঞ্চলে কারফিউ ছিল ৩১ মে থেকে শিথিল হবে।
কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মতো কড়াকড়ি থাকবে না। তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কড়াকড়ি থাকবে। মক্কা আগের মতোই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।
আরব নিউজ জানিয়েছে, মুসল্লিদের করোনা থেকে দূরে থাকার পরামর্শ দিতে একাধিক ভাষার গণমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে সৌদি সরকার। বাড়ি থেকে বের হয়ে মসজিদে ঢোকার আগ পর্যন্ত কী কী করতে হবে বিজ্ঞাপনে সেসব বিষয় উল্লেখ রয়েছে।
বয়স্ক কিংবা শিশুদের বাড়ি থেকেই নামাজ আদায় করতে বলা হয়েছে। মসজিদে যারা যাবেন, তারা সবাই যেন ২ মিটার দূরত্ব বজায় রাখেন আছে সেই নির্দেশনাও।
এভাবে ২১ জুন থেকে সৌদি আরব ‘পুরোপুরি স্বাভাবিক’ অবস্থায় ফেরার পরিকল্পনা করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদেও নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।
কিন্তু তার আগে দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি দোকানপাটও খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে সেলুন, বিউটি পার্লার এবং খেলার মাঠ আগের মতোই বন্ধ থাকবে।
উমরাহ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশ দেওয়ার আগে স্থগিতই থাকছে।
সৌদি আরবে এখন পর্যন্ত ৮০ হাজার ১৮৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৪১ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৫৩ জন।